সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধের জেরে ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে রাজু আহমেদ নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত রাজু আহমেদ স্থানীয় চরহোগলা গ্রামের আইনাল হকের ছেলে। গত রোববার রাতে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু আহমেদ আগে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও গত তিন মাস আগে তিনি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেন। তবে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধ দীর্ঘদিনের ছিল। ঘটনার রাতে রাজুর ফুফাতো ভাইয়ের সঙ্গে নুরুল ও জাকির নামের দুই ব্যক্তির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজু মধ্যস্থতা করে উভয় পক্ষকে শান্ত করেন।

অভিযোগ রয়েছে, মীমাংসার কিছু সময় পরই নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজুর বাড়িতে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ফুফাতো ভাইকে না পেয়ে রাজুকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হয় হামলাকারীরা।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এদিকে সোনারগাঁ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। বিষয়টি পারিবারিক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক রেষারেষি, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%