চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অন্তর্গত অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠসংলগ্ন এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আসিফ (২৫) একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং অন্যজন সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)।

বিজ্ঞাপন

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে আসিফের কোমরে থাকা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার ম্যাগাজিনে দুই রাউন্ড গুলি লোড করা ছিল। এছাড়া আরিফের প্যান্টের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে ব্যর্থ হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পুলিশ জানায়, আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কর্মচারীর ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া আরিফের বিরুদ্ধেও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%