দাদাগিরির মঞ্চে তারকাবহুল বিশেষ পর্ব এবং দেবের বিয়ের প্রসঙ্গ নিয়ে চর্চা

জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে এখন নতুন আমেজ। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়ে চিত্রনায়ক দেব দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন আপন মহিমায়। তার সাবলীল বাচনভঙ্গি এবং প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই সপ্তাহে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক, কারণ শোয়ের মঞ্চ আলোকিত করতে আসছেন প্রথিতযশা সঙ্গীতশিল্পীরা। প্রথমবারের মতো দাদাগিরিতে সুরের মূর্ছনা ছড়াতে হাজির হচ্ছেন কুমার শানু, ইমান চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, নেহা কক্কর এবং অন্বেষা দত্তগুপ্তের মতো তারকারা।

বিজ্ঞাপন

সঙ্গীত তারকাদের উপস্থিতিতে এবারের পর্বটি হয়ে উঠতে চলেছে জমজমাট। প্রতিযোগিতার উত্তেজনার পাশাপাশি মঞ্চে উঠে আসবে সঞ্চালক দেবের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মশাই যখন দেবের জন্য ‘স্বয়ম্বর সভা’ আয়োজনের প্রস্তাব তুললেন, তখন লজ্জায় আড়ষ্ট হয়ে পড়েন এই সুপারস্টার। দেব কিছু না বললেও উপস্থিত অতিথিরা এই আইডিয়াকে বেশ উৎসাহের সঙ্গেই গ্রহণ করেন। ইমান চক্রবর্তী তো মজা করে দেবের বিয়ের জন্য আস্ত একটি গানই গেয়ে ফেলেন। তারকাদের এমন খুনসুটি আর আনন্দঘন মুহূর্তগুলো উপভোগ করার জন্য দর্শকদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

দাদাগিরির মঞ্চে বন্ধুর পাশে দাঁড়াতে আগেই দেখা মিলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও কোয়েল মল্লিকের মতো তারকাদের। সেই ধারাবাহিকতায় খুব দ্রুতই দর্শকদের বাড়তি উন্মাদনা বাড়াতে হাজির হতে চলেছেন অভিনেতা জিৎ। তার আসন্ন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রচারণার উদ্দেশ্যেই তিনি পা রাখবেন দাদাগিরির আঙিনায়।

দেব এবং জিৎ-এর রসায়ন যে কতটা গভীর, তা সম্প্রতি টলিউডের দর্শক বেশ ভালোভাবেই টের পেয়েছেন। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে জিতের এই নতুন সিনেমা। সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পরপরই বন্ধুত্বের অনন্য নিদর্শন হিসেবে দেব তার নিজস্ব প্রযোজনা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র মুক্তির তারিখ পিছিয়ে দেন। দুই তারকার এই পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিনোদন জগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন কেবল দেখার অপেক্ষা, দেবের সঞ্চালনায় জিতের সঙ্গে এই রসায়ন দর্শকদের কতটা আনন্দ দেয়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%