উখিয়ায় শিশুকে অপহরণ ও নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনায় আটক ১

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছয় বছর বয়সী এক শিশুকে হাত বেঁধে ছুরি দিয়ে ভয়ভীতি প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জকরিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তারকৃত জকরিয়া উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের ১ নম্বর ব্লকের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।
গত ২৭ জুলাই ‘রোহিঙ্গ্যা লেন্স’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিশুটিকে হাত বেঁধে রাখা হয়েছে এবং তার সামনে ছুরি ধরে তাকে আতঙ্কিত করা হচ্ছে। ভিডিওটি ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের নজরে আসার পর পুলিশ শিশুটির পরিচয় শনাক্ত করে। ভুক্তভোগী রহমত আলী উখিয়ার ক্যাম্প-১১-এর বাসিন্দা মোহাম্মদ জুনায়েদের ছেলে।
পুলিশের অনুসন্ধানে জানা যায়, গত ২২ জুলাই রহমত আলীকে অপহরণ করা হয়েছিল। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ করার পর ২৬ জুলাই শিশুটিকে মুক্তি দিলেও অপহরণকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল, যার ফলে ভুক্তভোগী পরিবার ভয়ে এতদিন বিষয়টি চেপে রেখেছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ নম্বর ক্যাম্পের একটি চায়ের দোকান থেকে অভিযুক্ত জকরিয়াকে গ্রেপ্তার করে এপিবিএন সদস্যরা। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, তথ্যপ্রযুক্তি ও স্থানীয় হেডমাঝিদের সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জকরিয়াকে উখিয়া থানায় হস্তান্তরের পর বর্তমানে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারসহ স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।