তারাগঞ্জে জাল ভিসা ও অনলাইন জুয়া চক্রের মূল হোতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলার নেকীরহাট দারোগাপাড়া গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা জালিয়াতির অভিযোগে মো: আজমাউল ইসলাম (আজম) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকার আবুল হোসেনের সন্তান। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজ্ঞাপন

অভিযানকালে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন, জাল ভিসা এবং ভুয়া লটারিসংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আজমাউল ইসলাম দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

জব্দকৃত আলামতসহ তাকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন ও জুয়া প্রতিরোধ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%