কক্সবাজারে বন কর্মকর্তাদের ওপর হামলা: ১৭ জনের নামসহ অজ্ঞাত আরও ৯০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের রামু উপজেলার পানেরছড়া রেঞ্জ এলাকায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে রামু থানায় এই মামলাটি করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন রামু উপজেলার সমিতিপাড়ার জসিম উদ্দিন, শাহাব উদ্দিন, আব্দুল্লাহ, জয়নাল, নাজির হোসেন নাজু, আবু তাহের, রাসেল, ওবায়দুল হক, মিজানুর রহমান ওরফে সোনা মিয়া, আবছার, আতিক উল্লাহ, হাবিব আহমদ, মীর আহমদ, মোহাম্মদ নুর, আমির হোসেন, এনাম মিয়া ও ইসমাইল। সোমবার সকাল ১০টার দিকে রেঞ্জ এলাকায় সরকারি দায়িত্ব পালনকালে বন বিভাগের সদস্যদের ওপর অতর্কিত এই হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ অন্যদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরিফুল আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি কাজে বাধা ও বন কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%