মিশরের দামিয়েত্তা বন্দরে জাহাজে অগ্নিকাণ্ড আহত নেই কেউ

মিশরের দামিয়েত্তা বন্দরে দুটি গ্যাস প্রক্রিয়াকরণ ও সংরক্ষণকারী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জরুরি ও দ্রুত সাড়া প্রদান পরিকল্পনার আওতায় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে যে, বন্দরে থাকা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ভাসমান স্টোরেজ ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই জাহাজের ক্রু সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মেরিন শিপিং সার্ভিস ইঞ্চকেপ জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বন্দরের অন্যান্য টার্মিনাল ও বার্থের কার্যক্রম রাতের মধ্যেই পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। আঞ্চলিক ভূ-রাজনীতিতে উত্তেজনা চরমে থাকা অবস্থায় এই হামলার ঘটনা ঘটল। এর আগে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়। প্রতিশোধ হিসেবে ইরান ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মাত্র কয়েক দিনের অপেক্ষাকৃত শান্ত পরিস্থিতির পর নতুন করে এই সংঘাতের সূচনা হলো। যদিও এর আগে কূটনীতির সুযোগ দিতে ট্রাম্প ইরান সীমান্তের সামরিক অভিযান থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন, তবে চলমান অস্থিরতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা