যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রাম সাজ্জাদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ডেভিড ইমন

যশোরের কোতোয়ালি থানা এলাকার ঝুমঝুমপুর থেকে গ্রেপ্তার হওয়া ডেভিড ইমনসহ চারজনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামে নিয়ে এসেছে জেলা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে বুধবার সকালে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগরের এক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ ওঠার পর থেকেই ডেভিড ইমনকে গ্রেপ্তারে বিশেষ তৎপরতা শুরু হয়। গোয়েন্দা তথ্যানুযায়ী, বিদেশে পলাতক সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ডেভিড ইমন বর্তমানে সাজ্জাদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিরাপত্তার স্বার্থে তাদের বর্তমানে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে একই রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমারা এলাকায় সাজ্জাদ বাহিনীর কিলিং স্কোয়াডপ্রধান রায়হান আলমকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান আলম ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, রায়হানের অবস্থান সম্পর্কে নজরদারি অব্যাহত রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
