বীরগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়া গ্রামে একটি বসতবাড়ির গোয়ালঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৩। গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন গোবিন্দপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহ ইসলামের ছেলে মো. ওসমান গনি, একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আইনুল হক এবং সাহাডুবী গ্রামের নবী হোসেনের ছেলে মো. সাকিব ইসলাম। র্যাবের দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মো. ওসমান গনির বাড়ি থেকে গাঁজার এই বড় চালানটি জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। উদ্ধার হওয়া গাঁজার চালানটি বিক্রির উদ্দেশ্যে গোয়ালঘরের ভেতর অত্যন্ত সতর্কতার সাথে লুকিয়ে রাখা হয়েছিল।
র্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
