AdvertisementAdvertisement

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করল পাষণ্ড ছেলে

ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী গ্রামে নেশার টাকার দাবিতে আপন মায়ের ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন হয়েছেন ষাটোর্ধ্ব শামেলা আক্তার। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ঘাতক ছেলে রাহিম শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘটনার পর থেকে এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই রাহিম শেখ মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা শামেলা আক্তারের সঙ্গে বিবাদে জড়াতেন এবং পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। আজ দুপুরে টাকার জেদ ধরে মা শামেলা আক্তারকে কুপিয়ে ও মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করেন তিনি। ঘটনার পর ঘাতকের কক্ষ থেকে বিভিন্ন মাদকদ্রব্য সেবনের আলামতও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, ঘাতক রাহিম শেখ এর আগেও প্রায় ১০ বছর আগে তার সৎ মাকেও একইভাবে নেশার টাকার জন্য হত্যা করেছিলেন। সেই মামলায় দীর্ঘ সময় কারাভোগের পর পাঁচ-ছয় বছর আগে তিনি জামিনে মুক্তি পান। বারবার এমন লোমহর্ষক অপরাধে জড়িয়ে পড়ায় স্থানীয়রা চরম ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন।

কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শামেলা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘাতককে গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা ঘাতকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%