AdvertisementAdvertisement

সীতাকুণ্ডে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে পৌর সদরে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ এসব ওষুধ বিক্রির প্রমাণ মেলায় আইন অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

অভিযান চলাকালে ওষুধ আইন ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় জোসনা ফার্মেসিকে ৩০ হাজার টাকা, নুহাশ ফার্মেসিকে ২৫ হাজার টাকা, আয়াত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা এবং ফারুক মেডিকেল হলকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ। নিয়মবহির্ভূত এসব ওষুধ ধ্বংসের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম জানান, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। অনিয়মে জড়িত মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আইনি ব্যবস্থা আরও জোরদার করা হবে। নিরাপদ ওষুধ নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

এ ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড রোধে স্থানীয় সচেতন মহল ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা নিয়মিত তদারকি ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বাজারের ওষুধের মান নিয়ন্ত্রণে প্রশাসনিক কঠোরতা এবং অনিয়মকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%