AdvertisementAdvertisement

রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ পিকআপ চালক গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ মো. সোহেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রামু-মরিচ্যা সড়কের হাজারীকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, রামু থানার উপ-পরিদর্শক নিক্সন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় একটি মিনি পিকআপ পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। পরে ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল এলাকায় পিকআপটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

Advertisement
বিজ্ঞাপন

তল্লাশির সময় পিকআপের চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাদানির ভেতর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটি ও চালকের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় স্থানীয়রা জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%