সীমান্তে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে

যশোরের ঝিকরগাছা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে কঠোর নিরাপত্তায় চট্টগ্রামে আনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এ সময় ফটিকছড়ি ও বায়েজিদ থানার চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় পুলিশ।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক সায়মা আফরিন হীমা শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে সকালে যশোর থেকে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়।
উল্লেখ্য যে, এর আগে যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমন ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফটিকছড়ি থানার একটি হত্যা ও দুটি অস্ত্র মামলা এবং বায়েজিদ বোস্তামী থানার একটি মামলায় তাকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার স্বস্তি প্রকাশ করে দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
