পাকিস্তানে ওআইসি নারী বিষয়ক সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করেছেন ইসহাক দার

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য নবম ওআইসি নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনার জন্য এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী ১২ ও ১৩ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে সামগ্রিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের তথ্য অনুযায়ী, সম্মেলনে যোগ দেওয়া অতিথিদের প্রটোকল, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং সম্মেলনের মূল আলোচ্যসূচি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়েছে। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, গণমাধ্যম ব্যবস্থাপনা এবং লজিস্টিক সহায়তাসহ যাবতীয় সাংগঠনিক বিষয় সভায় বিশেষ গুরুত্ব পেয়েছে।
সভার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি এই গুরুত্বপূর্ণ আয়োজনের সফলতার জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার কঠোর নির্দেশনা প্রদান করেছেন। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে যথাযথ মর্যাদা ও আতিথেয়তা প্রদর্শনের লক্ষ্যে পাকিস্তানর মানবাধিকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
