যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় পাকিস্তানের ভূমিকা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভূয়সী প্রশংসা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের কার্যকর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে পাকিস্তানের এই কূটনৈতিক সফলতার ভূয়সী প্রশংসা করা হয়। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গঠনমূলক বলে অভিহিত করেছেন ব্রিটিশ আইনপ্রণেতারা।
হাউস অব লর্ডসের সদস্য লর্ড আহমেদ অব উইম্বলডন আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক বক্তব্যে উল্লেখ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তজনা নিরসনে পাকিস্তান যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে, তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মাইলফলক। একই সঙ্গে এই সমঝোতা প্রক্রিয়ায় কার্যকর সহযোগিতা প্রদানের জন্য তিনি কাতারকেও ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং বৈশ্বিক গণমাধ্যমগুলো পাকিস্তানের এই কূটনৈতিক সাফল্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বৈশ্বিক সংকটের মুহূর্তে পাকিস্তানের এই নীরব অথচ কার্যকর ভূমিকা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নতুন আশার সঞ্চার করেছে।
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিভিন্ন বিরোধ নিরসনে পাকিস্তান তার প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানের এই কূটনৈতিক অর্জন কেবল পাকিস্তানের ভাবমূর্তিকে উজ্জ্বল করেনি, বরং বিশ্ব ভূ-রাজনীতিতে দেশটির ক্রমবর্ধমান গুরুত্বকেও স্পষ্ট করেছে। আন্তর্জাতিক মহল এখন প্রত্যাশা করছে যে, ভবিষ্যতে যেকোনো বৈশ্বিক সংকট সমাধানে পাকিস্তান একইভাবে তার শান্তিপ্রিয় ভূমিকা অব্যাহত রাখবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
