AdvertisementAdvertisement

অক্টোবরে কলকাতার মাঠে ভারতের মুখোমুখি হতে পারে ব্রাজিলীয় ফুটবল দল

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান জাতীয় ফুটবল দলের ভারত সফরের সম্ভাবনা ঘিরে ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘জিই গ্লোবো’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী অক্টোবরে ভারতের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে সেলেকাওরা। সব কিছু চূড়ান্ত হলে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন হতে পারে এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী।

প্রতিবেদনটির তথ্যমতে, ২০২৬-২৭ মৌসুমের আন্তর্জাতিক সূচি নির্ধারণের আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিনটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন ভিনিসিয়াস জুনিয়র, কাসেমিরো ও রাফিনিয়ারা। এরপর ৩ অক্টোবর ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। ভারতের ফুটবল ইতিহাসে এটি হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক ঘটনা, কারণ এর আগে কখনো ব্রাজিলের সিনিয়র দল ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলেনি।

Advertisement
বিজ্ঞাপন

কলকাতায় এই ম্যাচ আয়োজনের বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মহলে গুঞ্জন চলছিল। ‘ইএসপিএন ব্রাজিল’-এর তথ্য অনুযায়ী, ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন বা সিবিএফ এই সফরের বিষয়ে প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছে। মূলত ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ চলাকালীন কলকাতায় ব্রাজিল দলকে ঘিরে ভক্তদের অভাবনীয় উন্মাদনা ও আবেগ সিবিএফ-এর নজরে এসেছে, যা এই সফরের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

ব্রাজিলীয় ফুটবলের সঙ্গে কলকাতার সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহাসিক। কিংবদন্তি ফুটবলার পেলে ১৯৭৭ সালে ইডেন গার্ডেন্সে নিউ ইয়র্ক কসমসের হয়ে ঐতিহাসিক এক প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিলেন, যা আজও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অম্লান। কোচ কার্লো আনচেলত্তির তত্ত্বাবধানে নতুন করে দল সাজানোর অংশ হিসেবে এই প্রীতি ম্যাচগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ব্রাজিল। চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষায় থাকা এই ম্যাচটি সম্পন্ন হলে তা কলকাতার ফুটবল মানচিত্রে নতুন এক মাইলফলক হিসেবে যুক্ত হবে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%