বিশ্বকাপের মহাযুদ্ধে মুখোমুখি মেসি ও ইয়ামাল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফেভারিট স্পেন

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপীয় জায়ান্ট স্পেনের। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামছে, অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা ফাইনালে পা রেখেছে আন্ডারডগ হিসেবে। কাতার বিশ্বকাপের লুসাইল স্টেডিয়ামে ট্রফি জেতার চার বছর পর, আর্জেন্টিনা এখন ইতিহাস গড়ার দোড়গোড়ায়। ১৯ফ৬২ সালে ব্রাজিলের পর মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের সুযোগ রয়েছে তাদের সামনে। তবে স্পেনের সুসংগঠিত ফুটবল এবং দলের তারুণ্যনির্ভর শক্তি তাদের এই যাত্রাকে কঠিন করে তুলেছে।
স্পেন টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে আসছে। যদিও আসরের শুরুতে কেপ ভার্দের বিপক্ষে ড্র করে কিছুটা চাপে পড়েছিল তারা, কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের মতো শক্তিশালী দলকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের আসল রূপ প্রকাশ করেছে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপে বা ওসমান দেম্বেলে কেউই স্প্যানিশ রক্ষণের সামনে কোনো সুবিধা করতে পারেননি। স্পেনের এই পুনরুত্থানে বড় ভূমিকা রাখছেন রদ্রি, ফাবিয়ান রুইজ ও তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে ছাড়াই দল গঠন করে কোচ দে লা ফুয়েন্তে এক অনন্য ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেখানে বার্সেলোনার আট খেলোয়াড় দলের মেরুদণ্ড হিসেবে কাজ করছেন।
অন্যদিকে, আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথটা ছিল নাটকীয়তায় মোড়া। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নেয় তারা। টুর্নামেন্ট জুড়ে লিওনেল মেসি দেখিয়েছেন তার চিরচেনা রূপ। ৩৯ বছর বয়সেও ৮টি গোল করে তিনি গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার উপরে রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেসি নিজে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে মূখ্য ভূমিকা পালন করেন, যার একটি থেকে লাউতারো মার্তিনেজ ইনজুরি সময়ে জয়সূচক গোলটি করেন। মাঝমাঠে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ পুরো ম্যাচজুড়ে দাপট বজায় রাখতে সক্ষম, যা তাদের দলের প্রধান শক্তির জায়গা।
আর্জেন্টিনার রক্ষণভাগের দুই সেনানী লিসান্দ্রো মার্তিনেজ এবং ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে অনেক সমালোচনা থাকলেও, তারা মাঠের পারফরম্যান্সে নিজেদের গুরুত্ব প্রমাণ করেছেন। গ্যারি নেভিলের মতো সমালোচকরা তাদের খেলার ধরনকে অদ্ভুত বলে অভিহিত করলেও, তাদের অদম্য লড়াকু মানসিকতা আর্জেন্টিনার সাফল্যের অন্যতম চাবিকাঠি। ফাইনালে স্পেনের আক্রমণভাগ সামলানো হবে এই জুটির জন্য বড় পরীক্ষা। বিশেষ করে মিকেল ওয়্যারজাবাল, যিনি এখন পর্যন্ত ৫টি গোল করে ছন্দে আছেন, তার সাথে লড়াই হবে রোমেরো-মার্তিনেজদের।
ফাইনালের মহারণে সব আলো এখন দুই প্রজন্মের দুই তারকার দিকে। একদিকে লিওনেল মেসি, যিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সম্ভবত শেষ বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরার অপেক্ষায়। অন্যদিকে লামিনে ইয়ামাল, যিনি বিশ্ব ফুটবলের পরবর্তী সুপারস্টার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। স্পেনের পাসিং ফুটবল আর আর্জেন্টিনার পাল্টা আক্রমণের কৌশলের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এটি কেবল একটি ম্যাচ নয়, বরং ফুটবলের ইতিহাসের দুই যুগের শ্রেষ্ঠত্বের এক শ্বাসরুদ্ধকর সংঘাত।