শিবচরে পাটের বাম্পার ফলন ও ন্যায্যমূল্যে কৃষকের মুখে হাসি

মাদারীপুরের শিবচর উপজেলায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। একদিকে বাম্পার ফলন আর অন্যদিকে বাজারে পাটের সন্তোষজনক দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। বর্তমানে উপজেলার বিভিন্ন হাটে প্রতি মণ পাট ৪ হাজার থেকে ৫ হাজার টাকা দরে কেনাবেচা হচ্ছে।
শিবচর উপজেলার শেখপুর এলাকার কৃষক মাসুম তাইয়ানী জানান, গত কয়েক বছরের তুলনায় এবার পাটের ফলন অনেক ভালো হয়েছে। বাজারে চাহিদা থাকায় উৎপাদন খরচ মিটিয়ে লাভের আশা করছেন তিনি।
উপজেলার পৌর বাসস্ট্যান্ড হাট, মাদবরচর, উতরাইল, কুতুবপুর ও চান্দেরচর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা পাট কিনতে ভিড় করছেন। উন্নতমানের আঁশ ও গুণগত মান ভালো হওয়ায় শিবচরের পাটের আলাদা কদর রয়েছে, যার ফলে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, চলতি মৌসুমে উপজেলায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও কারিগরি সহায়তার কারণেই এমন সন্তোষজনক ফলন পাওয়া সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, বাজারে বর্তমান এই মূল্য স্থিতিশীল থাকলে তারা আর্থিকভাবে আরও লাভবান হতে পারবেন। সংশ্লিষ্টদের মতে, পাটের উৎপাদন বৃদ্ধি, উন্নত সংরক্ষণ ব্যবস্থা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে সোনালি আঁশ দেশের অর্থনীতিতে আবারও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
