কেডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন এস এম শফিকুল আলম মনা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে নতুন চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের শর্তানুযায়ী, তাকে দায়িত্ব গ্রহণের পূর্বে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করতে হবে।
যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরে নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়া, তার নিয়োগের অন্যান্য শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।