মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে আয়োজিত এক মাদকবিরোধী সচেতনতামূলক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজকে রক্ষা করতে হলে একে কেবল প্রশাসনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। মাদক নির্মূলে সব রাজনৈতিক দল এবং গণমাধ্যম কর্মীদের সমন্বিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, মাদক ব্যবসা ও এর সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অপরিহার্য। তিনি বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের ওপর জোর দিয়ে বলেন, মাদকবিরোধী এই লড়াইয়ে শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভা শেষে মন্ত্রী ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করেন। সেখানে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি পৌরসেবার মানোন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা দেন এবং নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। কার্যক্রমের অংশ হিসেবে তিনি পৌরসভা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।