জাগুয়ার ল্যান্ড রোভারে ভয়াবহ সাইবার হামলা পেছনে রুশ হ্যাকারদের যোগসূত্র নিয়ে বাড়ছে উদ্বেগ

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারের ওপর চালানো ভয়াবহ সাইবার হামলা দেশটির ইতিহাসে অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে এক নজিরবিহীন আঘাত হিসেবে চিহ্নিত হয়েছে। ২০২৫ সালের ৩১ আগস্ট সংঘটিত এই হামলার ফলে প্রতিষ্ঠানটিকে টানা পাঁচ সপ্তাহ উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখতে হয়, যার প্রভাবে পুরো ব্রিটিশ অর্থনীতির উৎপাদন খাতে ধস নামে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় দেশটির অর্থনীতিতে আনুমানিক ২.৫ বিলিয়ন ডলার বা ২৫০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
প্রাথমিক পর্যায়ে এই হামলার দায় ‘স্ক্যাটার্ড ল্যাপসাসডলার হান্টার্স’ নামক একটি অখ্যাত হ্যাকার গোষ্ঠী স্বীকার করলেও পরবর্তী তদন্তে ভিন্ন ও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের যৌথ অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, এই হামলার পেছনে রাশিয়ার গোয়েন্দা সংস্থা বা তাদের সমর্থিত হ্যাকার দলের হাত রয়েছে। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এটি সাধারণ কোনো মুক্তিপণ আদায়ের কৌশল ছিল না, বরং একটি সার্বভৌম রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তিকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত প্রয়াস।
হামলার শিকার হওয়ার পর জাগুয়ার ল্যান্ড রোভার জরুরিভিত্তিতে যুক্তরাজ্য, ব্রাজিল, চীন, ভারত ও স্লোভাকিয়ায় তাদের কারখানার উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়। মাইক্রোসফটের সহায়তায় পরিচালিত তদন্তে দেখা যায়, হ্যাকাররা অত্যন্ত উন্নত ও অজ্ঞাত র্যানসমওয়্যার প্রযুক্তি ব্যবহার করেছিল, যা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদেরও হতবাক করেছে। এই সাইবার হামলার অভিঘাতে জাগুয়ার ল্যান্ড রোভারের ২০২৬ অর্থবছরে প্রায় ৩৫ কোটি ডলারের সরাসরি আর্থিক ক্ষতি হয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই হামলায় ব্যবহৃত কৌশল সাধারণ অপরাধীদের চেয়ে রাষ্ট্র-সমর্থিত গোষ্ঠীগুলোর আচরণের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় সাইবার অপরাধীদের ছায়াতলে আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে বিশ্বজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। হামলার সময় যুক্তরাজ্য কর্তৃক ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়টি রাশিয়ার সঙ্গে লন্ডনের কূটনৈতিক উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই হামলাকে একটি রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
হামলাটি এমন এক সময়ে আঘাত হানে যখন টাটা গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি তাদের নতুন মডেলের গাড়ি বিশ্ববাজারে সরবরাহের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাজ্যে সরাসরি ৩৪ হাজার এবং পরোক্ষভাবে আরও ১ লাখ ২০ হাজার কর্মসংস্থান জড়িত। সাইবার বিশেষজ্ঞদের মতে, নেটওয়ার্কের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে চালানো এই আক্রমণ ব্রিটিশ শিল্প ও অবকাঠামোর দুর্বলতাকে উন্মোচিত করেছে।
ঘটনাটির ভয়াবহতা ব্যাখ্যা করতে গিয়ে ব্রিটেনের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ড্যান জারভিস জানিয়েছেন, এই ক্ষতির মাত্রা সাধারণ কোনো ধ্বংসযজ্ঞের চেয়েও বেশি। নভেম্বরের মাঝামাঝি সময়ে উৎপাদন ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হলেও, এই ঘটনা বৈশ্বিক শিল্পপ্রতিষ্ঠানের জন্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো দায় স্বীকার না করা হলেও, পশ্চিমাদের কাছে এটি আধুনিক যুগের এক নতুন ধারার অর্থনৈতিক যুদ্ধের উদাহরণ হয়ে থাকবে।