গৃহঋণ সহায়তা সহজ করতে এসইএল ও ডিবিএইচ ফাইন্যান্সের সমঝোতা চুক্তি

আবাসন খাতের গ্রাহকদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে সমঝোতা চুক্তি সই করেছে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। এই কৌশলগত অংশীদারত্বের মূল উদ্দেশ্য হলো আবাসন প্রকল্পগুলোতে বিনিয়োগকারী ও ক্রেতাদের জন্য দ্রুত ও ঝামেলামুক্ত ঋণ সহায়তা নিশ্চিত করা, যা দেশের আবাসন শিল্পে গতিশীলতা বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা সাইমুম ইসলাম, মহাব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ এবং সহকারী মহাব্যবস্থাপক আশরাফুল ইনসান ইভান। ডিবিএইচ ফাইন্যান্সের প্রতিনিধিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম তানভীর কামাল, ঋণ বিক্রয় বিভাগের প্রধান মো. ফেরদৌস হোসেন পলাশ, বিক্রয় বিভাগের প্রধান মো. গোলাম রসুল ইসলাম, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল্লাহ আল মামুন এবং সিনিয়র সেলস টিম ম্যানেজার মো. মাকসুদুল হাসান।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এই চুক্তির ফলে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গ্রাহকরা এখন থেকে ডিবিএইচ ফাইন্যান্স থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক শর্তে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। দুই প্রতিষ্ঠানের পারস্পরিক এই সহযোগিতার মাধ্যমে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পর্যায়ের গ্রাহকদের জন্য নিজেদের স্বপ্নের আবাসন বা গৃহমালিকানা অর্জন করা এখন অনেক বেশি সহজতর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।