ভাষাসৈনিক আয়েশা বেগমের চিরবিদায়, আড়াইহাজারে দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ভাষা আন্দোলনের লড়াকু সৈনিক আয়েশা বেগম। ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে গত শনিবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে নিজের ছোট ছেলের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

মরহুমার প্রথম জানাজা সকাল আটটায় উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকাল দশটায় বাসাবো কদমতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ আড়াইহাজারে নিয়ে আসা হয়। বাদ জোহর পাঁচবাড়িয়া গ্রামের জামে মসজিদে তৃতীয় ও শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

কর্মজীবনে আয়েশা বেগম মহা হিসাবরক্ষণ অধিদপ্তরের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পরও তিনি আজীবন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য; ছাত্রজীবনে আন্দোলনে সরাসরি অংশ নেওয়ায় তাকে এক মাস কারাভোগ করতে হয়েছিল।

আয়েশা বেগম তার মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ভাষা সৈনিকের প্রয়াণে স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার বর্ণাঢ্য কর্মজীবন ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%