খাদ কোচায় দুই ব্যক্তিকে অপহরণ করে আড়াই কোটি রুপি মুক্তিপণ দাবি বিএলএ-এর

পাকিস্তানের বেলুচিস্তানের খাদ কোচায় নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ-এর বিরুদ্ধে দুই ব্যক্তিকে অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিরাপত্তা সূত্রগুলোর তথ্যমতে, গত ২৪ জুলাই একটি কুরিয়ার কোম্পানির মিনি ট্রাকসহ দুই কর্মীকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র এই গোষ্ঠীর সদস্যরা।
নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অপহৃতদের মুক্তির বিনিময়ে গত ২৬ জুলাই ওই কুরিয়ার কোম্পানির কাছে ২ কোটি ৫০ লাখ রুপি মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। দাবিকৃত অর্থ পরিশোধ না করলে জিম্মিদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, কেবল নাশকতামূলক কার্যক্রমই নয়, বরং ব্যাংক ডাকাতি, গাড়ি চুরি, চাঁদাবাজি এবং মুক্তিপণের জন্য অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আর্থিক ভিত্তি মজবুত করার চেষ্টা করছে এই গোষ্ঠী। এসব ঘটনার পেছনে সুসংগঠিত অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
পাকিস্তানর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এমন ঘৃণ্য পন্থা অবলম্বন করছে বিএলএ। এই ধরনের কর্মকাণ্ড বেলুচিস্তানের শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং স্থানীয় জনজীবনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ