গাজা পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনালাপ, দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে জোর সমর্থন

গাজার বর্তমান ভয়াবহ পরিস্থিতি এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। দুই দেশের শীর্ষ এই কূটনীতিক গাজাসহ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি মুসল্লিদের ওপর বিধিনিষেধ আরোপ এবং আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বারবার অনুপ্রবেশের ঘটনাকে অত্যন্ত উসকানিমূলক হিসেবে অভিহিত করেছেন দুই মন্ত্রী। তাদের মতে, পবিত্র এই ধর্মীয় স্থানের মর্যাদা ক্ষুণ্ন করার যে কোনো অপচেষ্টা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং দীর্ঘস্থায়ী শান্তির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনের অবনতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে আরব ও ইসলামি দেশগুলোর জরুরি বৈঠক ডাকার যে প্রস্তাব জর্ডান দিয়েছে, তা নিয়ে আলোচনা করেছেন ইসহাক দার ও আয়মান সাফাদি। এই সংকট নিরসনে জর্ডানের উদ্যোগকে স্বাগত জানিয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইসলামাবাদের গঠনমূলক ভূমিকা ও কূটনৈতিক প্রচেষ্টার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

পাকিস্তানের পক্ষ থেকে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং তাদের ন্যায্য দাবির প্রতি অটল সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে। ইসহাক দার স্পষ্ট জানিয়েছেন যে, ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমেই কেবল এই অঞ্চলে দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%