কুমিল্লায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও শিক্ষা অঞ্চল কমিটির প্রধান পৃষ্ঠপোষক ড. মো. জিয়াউদ্দিন। তিনি বলেন, ক্রীড়া কেবল শরীর ও মন ভালো রাখার মাধ্যমই নয়, বরং এটি একটি বড় কর্মযজ্ঞ। চট্টগ্রাম অঞ্চল থেকে এই ক্রীড়া কার্যক্রম শুরু করতে পারা অত্যন্ত আনন্দের এবং এই আয়োজনকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয়, খেলোয়াড় নির্বাচন, নিরাপত্তা, আবাসন, পরিবহন ও চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয়। বক্তারা অভিমত প্রকাশ করেন যে, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মেধাবী ফুটবলার অন্বেষণ এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে এই প্রতিযোগিতা মাইলফলক হিসেবে কাজ করবে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মিশন ও ভিশন হলো লার্নিং উইথ এন্টারটেইনমেন্ট। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে মাদকসহ সব ধরনের অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, জেলা প্রশাসক রোজী আকতার, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক অধ্যাপক সিপন মিয়া এবং অঞ্চল কমিটির সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্যরা সভায় অংশ নেন।