AdvertisementAdvertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমিতে যুবকের মরদেহ উদ্ধার স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যাকাণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশের জমি থেকে আলামিন (৩৫) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আলামিন উপজেলার শিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং অহিদ মেম্বারের ছেলে।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ভোরের দিকে নবভরাট করা একটি বাড়ির উত্তর-পশ্চিম পাশে জমে থাকা পানিতে মরদেহটি ভাসতে দেখে তারা পুলিশকে অবহিত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা অহিদ মেম্বার অভিযোগ করেছেন যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি তার ছেলের মৃত্যুর রহস্য উন্মোচন এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা ও নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%