কাশ্মীরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি

মুজাফফরাবাদে দলীয় কর্মী সমাবেশে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আজাদ জম্মু ও কাশ্মীরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনই কেবল জনগণের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিশ্চিত করতে পারে। তিনি স্পষ্ট করেন যে, বিতর্কিত কোনো নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনমতের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হবে এবং এমন একটি বিতর্কিত ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার সক্ষমতাও প্রশ্নবিদ্ধ থাকবে।
দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরের ইতিহাসে এবারের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তান পিপলস পার্টির এই শীর্ষ নেতা। তিনি দাবি করেন, জাতীয় পর্যায়ের সংকটের সমাধান করতে হলে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার মাধ্যমেই কেবল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে তিনি মনে করেন।
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাকে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের ভিত মজবুত করার মৌলিক শর্ত হিসেবে বর্ণনা করেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি আক্ষেপের সুরে বলেন, শরণার্থী আসনগুলোর জটিল সমস্যা যেভাবে সমাধান হওয়ার কথা ছিল, তা করা সম্ভব হয়নি।
সমাবেশে তিনি আরও বলেন, বিতর্কিত ফলাফলের ভিত্তিতে ক্ষমতায় আসা কোনো সরকার জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় পাকিস্তানর নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ