নতুন প্রদেশের দাবিতে রাজপথে এমকিউএম-পাকিস্তান: চার সমাবেশ কর্মসূচির ঘোষণা

পাকিস্তানের করাচিতে নতুন প্রদেশ গঠনের দাবিকে কেন্দ্র করে রাজপথে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান। নিজেদের ন্যায্য দাবি আদায়ে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে দলটির পক্ষ থেকে চারটি বড় সমাবেশের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার করাচির বাহাদুরাবাদ কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্তের কথা জানান দলটির শীর্ষ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

দলটির প্রভাবশালী নেতা আনিস কায়েমখানি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ফুরকান আতিবসহ শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ আগস্ট সোরজানি টাউন এবং ২৩ আগস্ট ওরাঙ্গি টাউনে প্রথম পর্যায়ের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১১ সেপ্টেম্বর হায়দ্রাবাদে এবং ২৭ সেপ্টেম্বর পিআইবি টাউনে জনসভা আয়োজনের মধ্য দিয়ে এই আন্দোলন বেগবান করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেবল সরকারবিরোধী আন্দোলন নয়, বরং জাতীয় গুরুত্বের বিষয়গুলোতেও সরব থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সভায় পাকিস্তানের স্বাধীনতা দিবস অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত করাচির প্রতিটি টাউন, ইউনিয়ন কাউন্সিল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ কর্মসূচি পালনের মাধ্যমে স্বাধীনতার উৎসব উদযাপন করবে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%