সৌদি আরবে ড্রোন হামলার তীব্র নিন্দা জানালো পাকিস্তান

সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হামলাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তান তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার দেশটির পূর্বাঞ্চল এবং রিয়াদের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো বেশ কয়েকটি ড্রোন আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো এই ড্রোন হামলার নেপথ্যে রয়েছে। নিজেদের নিরাপত্তা রক্ষায় এবং উপযুক্ত সময়ে এর জবাব দেওয়ার পূর্ণ অধিকার সৌদি আরবের রয়েছে বলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে যে, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির পক্ষে পাকিস্তান সবসময় অবিচল রয়েছে এবং দেশটির অখণ্ডতা রক্ষায় যেকোনো প্রয়োজনে পাকিস্তান পাশে থাকবে।

অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া যেকোনো প্রচেষ্টাকে পাকিস্তান সবসময় গুরুত্ব দেয়। এ লক্ষ্য অর্জনে পাকিস্তান অতীতেও সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে সোমবার পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%