নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীকে আবু সাঈদের ভাইয়ের খোলা চিঠি

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া আবু সাঈদের বড় ভাই আবু হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
আবু হোসেন চিঠিতে উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব জনজীবনে প্রতিটি ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে প্রান্তিক কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি জানান, সরকার কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করলেও মাঠপর্যায়ে তার সুফল মিলছে না। বাজারে ধান ও চালের নির্ধারিত দাম কার্যকর না হওয়ায় এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তদারকির অভাবে ফড়িয়া ও ব্যবসায়ীরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে কৃষকদের ঠকাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
যানজট নিরসন ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা সহজ করার লক্ষ্যে ঢাকা শহরে যত্রতত্র ব্যাটারিচালিত রিকশার আধিক্য কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, গ্যারেজ মালিকরা অসাধু উপায়ে রিকশার সংখ্যা বাড়িয়ে চললেও প্রকৃত চালকরা উপার্জন সংকটে ভুগছেন। বিলাসদ্রব্যের আমদানি হ্রাস এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করে সেই অর্থ জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়ার অনুরোধ জানিয়েছেন আবু হোসেন।
পরিশেষে, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলের দুঃস্মৃতি থেকে বেরিয়ে এসে বর্তমান সরকারের প্রতিটি পদক্ষেপ যেন সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনে, সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। আবু হোসেন তার পোস্টে লেখেন, সাধারণ নাগরিকরা যখন নির্দ্বিধায় বলতে পারবে যে তারা বিগত সময়ের তুলনায় অনেক ভালো ও শান্তিতে আছে, তখনই সরকারের প্রকৃত সফলতা নিশ্চিত হবে।