জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সোচ্চার জামায়াতে ইসলামী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গ্রীণ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে সোমবার বিকেলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন অভিযোগ করেন যে, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন করতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি সংবিধান সংশোধনের চেয়ে রাষ্ট্রীয় সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। এই দাবি আদায়ে জামায়াতে ইসলামী রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. আব্দুল জব্বার সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা সমুন্নত রাখা এবং শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে হলে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা অপরিহার্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও জেলা জামায়াতের আমীর আলহাজ মুমিনুল হক সরকার। সভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।