হবিগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও বিক্ষোভ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই জাগরণ পদযাত্রায় অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে সিলেট মহানগরীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল বলেন, হবিগঞ্জে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতার ওপর নগ্ন আঘাত। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে সিলেট জেলা এনসিপি। জেলা আহ্বায়ক জুনেদ আহমেদ ও সদস্যসচিব কামরুল আরিফ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সশস্ত্র হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা দেশের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে নেতৃবৃন্দ হামলার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও মদদদাতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি করেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যের প্রভাবশালী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ও দলের নেতাকর্মীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%