১৪শ শহীদের রক্ত বৃথা যেতে দেব না: শিবগঞ্জে সংসদ সদস্য কেরামত আলী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও আবু রায়হানসহ সকল শহীদের রক্ত বৃথা যেতে না দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সোমবার বিকেলে শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে আয়োজিত এই সমাবেশে স্থানীয় সংসদ সদস্য কেরামত আলী বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত ১৪শ’ শহীদের আত্মত্যাগ কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

সমাবেশে সংসদ সদস্য কেরামত আলী আরও বলেন, এদেশের ছাত্র-জনতা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে তাদের ঠিকানা দিল্লি নয়, বরং ঢাকা। তিনি বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এদেশের মানুষ নিজস্ব স্বকীয়তা বজায় রেখে বাঁচতে চায় এবং এদেশেই মরতে চায়। যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা সংস্কারের দাবিগুলোকে নস্যাৎ করেছে বলেও তিনি অভিযোগ করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মদিনা মসজিদ এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। ছাত্র-জনতার অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের রায়, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের জোরালো দাবি জানানো হয়।

জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ছাত্রশিবিরের এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, জেলা পশ্চিম শাখার সেক্রেটারি আবদুল আওয়াল এবং সাবেক সভাপতি মামুন হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%