১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জোরালো দাবি বাংলাদেশের

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ অর্জনের পক্ষে বাংলাদেশের অটল সমর্থন ও আহ্বানের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য বৈশ্বিক জোট’-এর উচ্চপর্যায়ের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এই কূটনৈতিক অবস্থান তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে বক্তব্য রাখার সময় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের কার্যকর ও দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন। এই পুরো প্রক্রিয়ায় ফিলিস্তিনি জনগণের নিজস্ব মালিকানা এবং স্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

এ সময় তিনি গাজায় যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যার গঠনগত পরিবর্তন রোধ করার আহ্বান জানান। পাশাপাশি, ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ অবিলম্বে বন্ধ করা এবং ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় নিয়োজিত জাতিসংঘের ত্রাণ ও সংহতি সংস্থা ইউএনআরডব্লিউএ-এর আইনি সুরক্ষা ও নিরবচ্ছিন্ন অর্থায়ন নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ উচ্চপর্যায় বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনৈতিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে মূলত দীর্ঘমেয়াদি ফিলিস্তিন-ইসরায়েল সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে সুনির্দিষ্ট ও কার্যকর পথপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

০%
০%
০%
০%