আইপিএল ২০২৬: স্মার্ট সানগ্লাস নিষিদ্ধ করল বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই টুর্নামেন্টের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারের আসরে মাঠের ভেতরে এবং খেলোয়াড়দের ড্রেসিংরুম বা সংশ্লিষ্ট এলাকায় ‘স্মার্ট গগলস’ বা আধুনিক প্রযুক্তিযুক্ত চশমার ব্যবহার নিষিদ্ধ করেছে বোর্ডের দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ। মাঠের ভেতর কোনো ধরনের ডিজিটাল নজরদারি বা গোপন যোগাযোগের পথ বন্ধ করতেই এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্ধারিত এলাকা বা পিএমওএ-এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, এই বিশেষ চশমাগুলোকে ‘অডিও-ভিডিও রেকর্ডিং ডিভাইস’ এবং ‘কমিউনিকেশন ডিভাইস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের প্রযুক্তিগত যন্ত্রের ব্যবহার আইপিএলের নিয়মবিধির পরিপন্থী, যার ফলে সংশ্লিষ্ট এলাকায় এগুলোর উপস্থিতি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ম্যাচ চলাকালীন খেলোয়াড় ও দলের সকল সাপোর্ট স্টাফকে মাঠে প্রবেশের আগেই তাদের স্মার্টফোন এবং স্মার্টওয়াচের পাশাপাশি এই স্মার্ট গগলসগুলো দলের ‘সিকিউরিটি লিঁয়াজো অফিসার’-এর কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ড স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশনায় কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। নিরাপত্তা প্রোটোকলের এমন কঠোর নিয়ম লঙ্ঘন করলে তা সরাসরি শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং দোষী সাব্যস্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0%
0%
0%
0%