শহীদদের নিয়ে মন্তব্যের জেরে ফজলুর রহমানকে ক্ষমা চাওয়ার আহ্বান এমকিউএম-পি নেতাদের

পাকিস্তানের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মাওলানা ফজলুর রহমানের তীব্র সমালোচনা করেছেন মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের চেয়ারম্যান ও দেশটির ফেডারেল শিক্ষামন্ত্রী ড. খালিদ মকবুল সিদ্দিকী। বৃহস্পতিবার করাচিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, শহীদদের বিষয়ে দেওয়া মাওলানা ফজলুর রহমানের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমালোচনা করার অধিকার কারো নেই বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ড. খালিদ মকবুল সিদ্দিকী বলেন, মাওলানা ফজলুর রহমানের উচিত অনতিবিলম্বে তার এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করা। তিনি রাজনীতিকদের শব্দ চয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো মন্তব্য করা উচিত নয় যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানের শত্রুদের স্বার্থ হাসিল করে।
মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তার নির্দিষ্ট সীমারেখা থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন এই মন্ত্রী। তিনি বলেন, জনসমক্ষে দেওয়া যেকোনো বক্তব্য জাতীয় অখণ্ডতা বা রাষ্ট্রীয় আখ্যানকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার ওপর তিনি জোর দেন।
একই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুত্তাহিদা কওমি মুভমেন্টের আরেক প্রভাবশালী নেতা ফারুক সাত্তার মাওলানা ফজলুর রহমানকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের যে অবস্থান, তার মূল কারিগর দেশটির সশস্ত্র বাহিনী। তাই জাতীয় স্বার্থের পরিপন্থী বক্তব্য সংশোধন করার জন্য তিনি মাওলানা ফজলুর রহমানের প্রতি জোর দাবি জানান।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ