ব্যাটারদের বিধ্বংসী তাণ্ডবে ম্যানচেস্টারকে উড়িয়ে সানরাইজার্স লিডসের জয়জয়কার

মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিং তান্ডব আর জ্যাক ক্রলি ও হ্যারি ব্রুকের অনবদ্য জুটিতে ভর করে টেবিল টপার ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে ৮ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে সানরাইজার্স লিডস। ১৮১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো জয়ের দেখা পেল সানরাইজার্স।

বিজ্ঞাপন

ম্যানচেস্টারের ছুড়ে দেওয়া ১৮১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো ছিল না সানরাইজার্সের। পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান তুলতেই রায়ান রিকেলটনের উইকেট হারায় তারা। তবে এরপরই ব্যাট হাতে ঝড় তোলেন অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ২৬ বলে ৬৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চারের মার। জ্যাক ক্রলির সঙ্গে দ্বিতীয় উইকেটে মাত্র ৩৯ বলে ৯২ রানের এক দুর্দান্ত জুটি গড়ে জয়ের ভিত তৈরি করেন তিনি।

ক্রলি শুরুতে কিছুটা ধীরস্থির থাকলেও লিয়াম ডসন ও নুর আহমেদের বোলিং তোপ সামলে দ্রুত রান তুলতে থাকেন। ৩৪ বলে ৫৬ রানে অপরাজিত থাকা ক্রলি শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেন। মার্শ আউট হওয়ার পর ক্রিজে আসেন হ্যারি ব্রুক। নেমেই তার ব্যাট থেকে আসে ১৭ বলে ৪২ রানের বিস্ফোরক এক ইনিংস। ব্রুকের অপরাজিত ইনিংসে ছিল ৬টি ছক্কার মার। ক্রলি ও ব্রুকের অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটি মাত্র ৩০ বলেই পূর্ণ হয়, যা ম্যানচেস্টারের বোলারদের কার্যত অসহায় করে তোলে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা ম্যানচেস্টার সুপার জায়ান্টস টিম সাইফার্টের ২৮ ও এইডেন মার্করামের ৩২ রানের সুবাদে ভালো শুরু পেয়েছিল। এরপর জস বাটলার এবং হেইনরিখ ক্লাসেনের ঝড়ো ব্যাটিংয়ে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যায় তারা। বাটলার ৩৩ বলে অপরাজিত ৬৩ এবং ক্লাসেন ২৭ বলে ৫৩ রান করেন। তাদের ১০৫ রানের দুর্দান্ত জুটি ম্যানচেস্টারকে ৩ উইকেটে ১৮১ রানে পৌঁছে দেয়। সানরাইজার্সের হয়ে নাথান এলিস ৩২ রানে ২ উইকেট শিকার করেন।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর: ম্যানচেস্টার সুপার জায়ান্টস ১০০ বলে ১৮১/৩ (বাটলার ৬৩*, ক্লাসেন ৫৩; এলিস ২-৩২) এবং সানরাইজার্স লিডস ৮৮ বলে ১৮৬/২ (মার্শ ৬৩, ক্রলি ৫৬*, ব্রুক ৪২*; বেকার ১-৩০)। ৮ উইকেটে জয়ী সানরাইজার্স লিডস।

0%
0%
0%
0%