কাশ্মীর নির্বাচনের ফলাফল মেনে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আজমা বোখারির আহ্বান

আজাদ জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক নির্বাচনে ভোটাররা তাদের রায় ব্যালটের মাধ্যমে স্পষ্ট করেছেন এবং এই গণতান্ত্রিক ফলাফলকে সবারই উদার চিত্তে মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বুখারি। বুধবার লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মীরপুর বিভাগের জনগণ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) উন্নয়ন কর্মকাণ্ডের ওপর তাদের পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় পিএমএল-এন নেতৃত্ব রাজনৈতিক তিক্ততা পরিহার করে গঠনমূলক রাজনীতি চর্চা করেছে। বিশেষ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজের নেতৃত্বে গত ১৮ মাসে ‘সুথরা পাঞ্জাব’ কর্মসূচি, বৃষ্টির সময়ে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ভোটারদের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি জোর দিয়ে বলেন, পাঞ্জাবের দৃশ্যমান এই উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিফলনই নির্বাচনী ফলাফলে দেখা গেছে।
এ সময় আজমা বুখারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অগণতান্ত্রিক মনোভাব পরিহার করে পিপিপি নেতাদের উচিত কেবল অভিযোগ না তুলে নিজেদের কর্মকাণ্ড জনগণের সামনে উপস্থাপন করা। তার অভিযোগ, সিন্ধু প্রদেশ বিশেষ করে করাচীর বাসিন্দারা এখনো পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির মতো মৌলিক সংকট মোকাবিলা করছেন।
সংবাদ সম্মেলনে আজমা বুখারি পাকিস্তানের পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারিকে পাঞ্জাব সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, বিলাওয়াল যেন সরেজমিনে পাঞ্জাবের দক্ষিণ প্রান্তসহ পুরো প্রদেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যবেক্ষণ করেন। রাজনীতির মাঠে পারস্পরিক দোষারোপের চেয়ে উন্নয়নের প্রতিযোগিতায় নামাই এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ