হবিগঞ্জে হামলার জেরে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি স্থগিত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনার জেরে মানিকগঞ্জে পূর্বঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে দলটি। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার বিকেলে মানিকগঞ্জে হওয়ার কথা থাকা এই কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে মানিকগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এই পদযাত্রায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের কথা ছিল। তবে হবিগঞ্জে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ জরুরিভিত্তিতে সেখানে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জের কর্মসূচি স্থগিত করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবারই হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি হাতে নিয়েছে এনসিপি। এ কারণে কেন্দ্রীয় নেতারা মানিকগঞ্জের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারছেন না। নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, মানিকগঞ্জের এই পদযাত্রাকে কেন্দ্র করে সম্ভাব্য হামলা ও ককটেল বিস্ফোরণের মতো নিরাপত্তা ঝুঁকির খবর পাওয়া গিয়েছিল। জেলা পুলিশও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি নিয়েছিল। তবে কেন্দ্রীয় নির্দেশে এখন পুরো কর্মসূচিটি স্থগিত রাখা হয়েছে।
