১৮ বছরের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি চেন্নাই সুপার কিংসে স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ঘণ্টা

চেন্নাই সুপার কিংসের সঙ্গে স্টিফেন ফ্লেমিংয়ের দীর্ঘ ১৮ বছরের অবিচ্ছেদ্য সম্পর্কের ইতি ঘটল। ফ্র্যাঞ্চাইজি এবং দীর্ঘদিনের এই প্রধান কোচ পারস্পরিক আলোচনার মাধ্যমে সম্পর্কের ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লেমিং এবং চেন্নাই কর্তৃপক্ষের মধ্যে খোলামেলা ও আন্তরিক আলোচনার পরই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে খেলোয়াড় হিসেবে চেন্নাইয়ে যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। পরের বছর থেকেই কোচিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি বেঁধে ফ্লেমিং ফ্র্যাঞ্চাইজিটিকে উপহার দিয়েছেন অভাবনীয় সাফল্য। তার কোচিংয়ে চেন্নাই পাঁচবার আইপিএল শিরোপা এবং দুইবার চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি জয়ের গৌরব অর্জন করেছে।
ফ্লেমিংয়ের দীর্ঘ কর্মকালে চেন্নাই রেকর্ড ১২ বার প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং ১০ বার ফাইনাল খেলে নিজেদের ধারাবাহিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে ২০২৩ সালে শেষ শিরোপা জয়ের পর থেকে কিছুটা ছন্দপতন ঘটে দলটির। ২০২২ সালে নবম এবং ২০২৪ সালে পঞ্চম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করে তারা। ২০২৫ সালে একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করা চেন্নাই চলতি বছরেও অষ্টম স্থানে থেকে হতাশাজনক মৌসুম পার করেছে।
শুধু আইপিএল নয়, এসএ২০ এবং এমএলসিতেও সুপার কিংসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ফ্লেমিং। এসএ২০-তে জোহানেসবার্গ সুপার কিংস চারবারই প্লে-অফে উঠলেও ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়। একইভাবে মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংস প্রথম তিনবার প্লে-অফে খেললেও ২০২৬ সালের আসরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে ব্যর্থতার বৃত্তে আটকে যায়, যা ছিল ফ্লেমিংয়ের কোচ হিসেবে শেষ টুর্নামেন্ট।
চেন্নাইয়ের মালিক রূপা গুরুনাথ ফ্লেমিংয়ের অবদান স্মরণ করে বলেন, দীর্ঘ দুই দশক ধরে তিনি ফ্র্যাঞ্চাইজির পরিচয়, লক্ষ্য এবং উৎকর্ষ অর্জনের যাত্রায় হৃদস্পন্দনের মতো কাজ করেছেন। তার এই নেতৃত্ব ও আবেগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ফ্লেমিং নিজেও এই বিচ্ছেদে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি জানান, ১৮ বছর খেলার জগতে দীর্ঘ সময়। চেন্নাই সুপার কিংসের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার কোচিং ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন। সব জয়ের স্মৃতি ও কঠিন লড়াইয়ের গল্পগুলো চিরকাল তার হৃদয়ে অম্লান হয়ে থাকবে বলে জানান ফ্লেমিং।