কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো ওই এলাকার ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ (৮)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ইমরান ও জোনায়েদসহ বাইজিদ নামে তিন শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ইমরান ও জোনায়েদ পানির নিচে তলিয়ে যায় এবং দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা ভেসে ওঠেনি। তাদের দেখতে না পেয়ে বাইজিদ চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন।

পরবর্তীতে ইয়াসিন মিয়া নামের এক ব্যক্তি অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে উভয় শিশুকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতদের পরিবার ও স্থানীয়রা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%