জাতীয় পরিচয়ই বাঙালি জাতির সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমাদের মূল পরিচয় আমরা সবাই বাংলাদেশি। ধর্ম, বর্ণ কিংবা গোত্র ভিন্ন হলেও নাগরিক হিসেবে এই একটি পরিচয়ের ছাতায় সবাই ঐক্যবদ্ধ। দেশগঠনে এবং যেকোনো সংকট মোকাবিলায় পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলার বিকল্প নেই।
শুক্রবার বেলা ১১টায় উপজেলার তিখুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শালখুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির শীর্ষ নেতৃত্ব ও দলের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিএনপি যা বলে, তা সবসময় বাস্তবায়ন করে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে কখনোই কোনো আপস করেননি, স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশেই থেকে গেছেন। আর সে কারণেই তিনি আপসহীন নেত্রী হিসেবে ইতিহাসে ভূষিত হয়েছেন। তৃণমূলের শক্তিকে আরও সুসংহত করার ওপর জোর দিয়ে তিনি স্পষ্ট করে জানান, এখন থেকে ওয়ার্ড পর্যায় থেকেই দলের নেতৃত্ব গড়ে তুলতে হবে; কোনোভাবেই ওপর থেকে কোনো কমিটি চাপিয়ে দেওয়া হবে না।
সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
শালখুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এই মতবিনিময় সভায় তৃণমূলের পক্ষে আরও বক্তব্য দেন কর্মী শিলা মনি, মাসুদ রানা, মতিন্দ্র নাথ, শিরিনা খাতুন ও ফারুক আহমেদ প্রমুখ।
তিখুর গ্রামের নির্ধারিত সভা শেষে মন্ত্রী পর্যায়ক্রমে গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর এবং বিনোদনগর ইউনিয়নের বিনোদনগর স্কুল মাঠে আয়োজিত পৃথক গণসংযোগ ও মতবিনিময় সভায় যোগ দেন। সেখানেও তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং বর্তমান সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক বার্তা পৌঁছে দেন।