ডেমরায় ট্যাংক লরির ধাক্কায় যুবক নিহত

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একটি দ্রুতগামী ট্যাংক লরির ধাক্কায় কামাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী পথচারী আব্দুল মতিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার দিলপাড়া এলাকায় কামাল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্যাংক লরি তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে তাৎক্ষণিকভাবে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল পৌনে ৭টার দিকে তাকে হাসপাতালে আনা হয় বলে জানা গেছে।

নিহত কামাল হোসেন পেশায় একজন গাড়ি চালক ছিলেন। তিনি বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কামতাল বড়বাড়ি এলাকায়; তিনি সৌরভ আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত কামালের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%