শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত: সুন্দরবন ও বাঘ সংরক্ষণে জনসচেতনতার আহ্বান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী সিপিজি কার্যালয়ে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহামুদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী বন স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য আবু ফরিদ। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কলাগাছিয়া বনবিভাগ কেন্দ্রের ইনচার্জ সুলজ কুমার দ্বীপ, ফরেস্ট জামে মসজিদের ইমাম রেজাউল করিম, সিপিজি সদস্য পঞ্চি রানী ও রুহুল আমিন, কমিটির সদস্য আব্দুর রশিদ এবং উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।
বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় ঐতিহ্য ও গৌরবের প্রতীক এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা অপরিহার্য। তবে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, মানুষ ও বন্যপ্রাণীর মধ্যকার সংঘাত এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কারণে বাঘের অস্তিত্ব আজ চরম ঝুঁকির মুখে পড়েছে। বাঘ ও বনের সুরক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণ, সামাজিক সংগঠন ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তারা।
‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’—এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা আরও উল্লেখ করেন যে, সুন্দরবন রক্ষা করা গেলে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়বে, যা অত্র অঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকাকে আরও নিরাপদ ও সুসংহত করবে।