বেসরকারি এতিমখানার শিশুদের কল্যাণে ১৪০ কোটি টাকার সরকারি অনুদান অনুমোদন

দেশের বেসরকারি এতিমখানাগুলোতে আশ্রিত শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে বড় ধরনের আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির সরকারি ভাতা হিসেবে ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে ৬৪টি জেলার ৪ হাজার ২০৯টি এতিমখানায় বসবাসরত ১ লাখ ১৬ হাজার ৭৫৯ জন শিশু এই আর্থিক সুবিধার আওতায় আসবে।

বিজ্ঞাপন

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি অর্থবছরে এতিমখানা খাতে মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, যার মধ্যে প্রথম কিস্তিতে ১৩৯ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকা আগেই ছাড় করা হয়। বর্তমান দ্বিতীয় কিস্তি অনুমোদনের ফলে অর্থবছরের পুরো বরাদ্দই এখন বিতরণের প্রক্রিয়ায় চলে এলো।

নির্ধারিত নীতিমালা অনুযায়ী, নিবন্ধিত এসব এতিমখানায় বসবাসরত প্রতিটি শিশুর জন্য মাসিক ২ হাজার টাকা হারে ৬ মাসের অনুদান বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য প্রতিটি শিশু ১২ হাজার টাকা করে পাবে। এই অর্থ মূলত শিশুদের খাদ্যদ্রব্য ক্রয় ও দৈনন্দিন মৌলিক প্রয়োজন মেটাতে ব্যয় করতে হবে।

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের অনুকূলে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন ‘সরকারি অনুদান বরাদ্দ ও বণ্টন নীতিমালা-২০১৪’ কঠোরভাবে মেনে এই অর্থ বিতরণ করা হয়। একইসঙ্গে অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে নিয়মিত মনিটরিংয়ের ওপরও জোর দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

বিজ্ঞাপন

সমাজকল্যাণ খাতের বিশ্লেষকরা এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন। তাদের মতে, সীমিত আর্থিক সক্ষমতায় পরিচালিত অনেক এতিমখানার জন্য সরকারের এই নিয়মিত সহায়তা শিশুদের পুষ্টি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দিকনির্দেশনায় গৃহীত এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুদের একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।

সম্পর্কিত- এতিমখানা
0%
0%
0%
0%