দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণ মন্ত্রী করার দাবি, রাঙ্গামাটিতে সাবেক প্রার্থীদের সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাকে পুনরায় পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় রাঙ্গামাটি স্টেডিয়াম মার্কেটের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাবেক স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং গণঅধিকার পরিষদের সাবেক প্রার্থী এম এ বাশার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক প্রার্থী জুই চাকমার উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি অনুপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিধান অনুযায়ী এই মন্ত্রণালয়ে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী নিয়োগের কথা রয়েছে। সেই বিধান অনুযায়ী দীপেন দেওয়ানকে পুনরায় দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা।
তারা আরও বলেন, চুক্তির ঘ-খণ্ডের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান কাঠামো পরিবর্তন করে তাকে পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে বর্তমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পদ থেকে অপসারণের দাবি জানানো হয় এবং ভবিষ্যতে পার্বত্য অঞ্চলের বাইরে থেকে কাউকে এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন পার্বত্য চট্টগ্রাম চুক্তির মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক জটিলতা বাড়ছে বলে তারা দাবি করেন।
তারা আরও বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই চুক্তির সঠিক বাস্তবায়ন ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।