বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গা ফেরাতে মিয়ানমার সম্মত

বাংলাদেশে আশ্রিত তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার কর্তৃপক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনের বরাতে জানা যায়, দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ মিয়ানমারের পক্ষ থেকে এমন আশ্বাস পাওয়া গেছে। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া কখন শুরু হবে বা তা কতদিন পর্যন্ত চলমান থাকবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।

বিজ্ঞাপন

আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, একটি পারস্পরিক সমঝোতা চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে মালয়েশিয়ায় বসবাসরত পাঁচ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা তিন লাখ রোহিঙ্গা এবং মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া শরণার্থীদের সংকট নিরসনে একে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে কুয়ালালামপুর। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ বিষয়ে বলেন, অনেকেই শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি তোলেন, কিন্তু এটি একটি জটিল প্রক্রিয়া। এতদিন মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা প্রকাশ করলেও বর্তমানে দেশটির সঙ্গে স্থাপিত সুসম্পর্কের কারণে এই ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি আরও যোগ করেন, মালয়েশিয়া থেকে প্রাথমিকভাবে পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার সিদ্ধান্তটি সংকটের সমাধানে একটি কার্যকর পদক্ষেপ।

এর আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কার্যালয়ের সামনে শতাধিক রোহিঙ্গা আশ্রয় ও আইনি সহায়তার দাবিতে সমবেত হন। পরবর্তী সময়ে দেশটির কর্তৃপক্ষ তাদের কুয়ালালামপুর, সেলাঙ্গর এবং পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করে। এই সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গৃহীত উদ্যোগের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে মালয়েশিয়া।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%