সিলেটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ অনুশীলন টাইগার লাইটনিং ২০২৬ সম্পন্ন

সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে আয়োজিত সামরিক অনুশীলন ‘টাইগার লাইটনিং-২০২৬’-এর সফল সমাপনী হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর। গত ১৯ জুলাই থেকে শুরু হওয়া এই দীর্ঘমেয়াদী মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।
আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই অনুশীলনের আয়োজন করা হয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বৈশ্বিক হুমকি প্রশমনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দুই দেশের সামরিক বাহিনী সমন্বিতভাবে এই মহড়া পরিচালনা করেছে।
অনুশীলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৮৮ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডসহ বিভিন্ন ফরমেশনের ৯২ জন বিশেষজ্ঞ সদস্য অংশগ্রহণ করেন। সমাপনী পর্বে প্রধান অতিথি অংশগ্রহণকারী সকল সদস্যের হাতে সফলতার স্বীকৃতিস্বরূপ সনদপত্র তুলে দেন এবং স্মারক হিসেবে প্রত্যেককে ইনসিগনিয়া প্রদান করা হয়।
এই সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাসদর, সিলেট অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং উভয় দেশের আমন্ত্রিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, এই যৌথ মহড়া বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান পেশাগত সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্যকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
