AdvertisementAdvertisement

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কঠোর হুঁশিয়ারি প্রত্যাহার বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে প্রকাশিত পূর্বের বিজ্ঞপ্তি সংশোধন করেছে বিদ্যুৎ বিভাগ। সোমবার ৩ আগস্ট প্রকাশিত প্রথম বিজ্ঞপ্তিতে ‘প্রমাণ ছাড়া মিথ্যা তথ্য ছড়ানো’ এবং এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘কঠোর আইনগত ব্যবস্থা’ গ্রহণের যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, সংশোধিত বিজ্ঞপ্তিতে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ৪৫ মিনিট পর বিদ্যুৎ বিভাগ এই সংশোধনী আনে।

সংশোধিত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো গ্রাহক যদি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, তবে তিনি যেন প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

Advertisement
বিজ্ঞাপন

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি কিছু মহল বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। সংস্থাটির ভাষ্যমতে, অতিরিক্ত বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, তা ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলে দাবি তাদের।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য যে, গত তিন মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করে আসছেন। গ্রাহকদের অভিযোগ, নতুন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করা সত্ত্বেও বিলের ইউনিটে অস্বাভাবিক উল্লম্ফন ঘটেছে। কেউ কেউ অভিযোগ করেছেন যে, নিয়মিত মিটার রিডিংয়ের পরিবর্তে অনুমাননির্ভর হিসাবের ভিত্তিতে এই বিল প্রস্তুত করা হচ্ছে।

এর আগে ২ আগস্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানিয়েছিলেন, অতিরিক্ত বিলের অভিযোগ তদন্তে কেন্দ্রীয়ভাবে কোনো কমিটি গঠন করা হয়নি। তবে সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোকে তাদের নিজ নিজ এলাকার অভিযোগ যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। চেয়ারম্যানের দাবি অনুযায়ী, অধিকাংশ অভিযোগ তদন্ত করা হয়েছে এবং এগুলোর বিপরীতে অতিরিক্ত বিলের বড় কোনো প্রমাণ পাওয়া যায়নি।

0%
0%
0%
0%